নারায়ণগঞ্জে পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বন্দর খেয়াঘাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। খান মাসুদের সমর্থক ইয়াবা ব্যবসায়ী রাজু বৃহস্পতিবার রাতে আবুল কালাম ওরফে বাসুর (কাজী জহিরের ব্যবসায়িক অংশীদার) মালিকানাধীন বন্দর ডকইয়ার্ডে গিয়ে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় বাসুর কর্মচারীরা রাজুকে ইয়াবা বিক্রি করতে বাধা দেন। এ নিয়ে রাজুর সঙ্গে ডকইয়ার্ডের কর্মচারীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খান মাসুদের লোকজন লাঠিসোঁটা, রামদা ও দা নিয়ে ডকইয়ার্ডে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। খবর পেয়ে কাজী জহিরের লোকজন এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাসু বাদী হয়ে খান মাসুদকে প্রধান আসামি করে মামলা করেন।
খান মাসুদের সমর্থক শরীফ হাসান চিশতী বাদী হয়ে বাসু ও কাজী জহিরকে আসামি করে মামলা করেন।
কাজী জহির বলেন, খান মাসুদের অনুসারী রাজু মাদক ব্যবসায় জড়িত। তাঁকে মাদক বিক্রিতে বাধা দিলে বাসুর ডকইয়ার্ডে হামলা ও ভাঙচুর চালান খান মাসুদের লোকজন।
এ ব্যাপারে খান মাসুদ বলেন, কাজী জহিরের লোক রাজুকে ধরে নিয়ে ডকইয়ার্ডের ভেতর মারধর করেন। খবর পেয়ে তাঁর (খান মাসুদ) লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে।