নারায়ণগঞ্জে বাসে আগুন, শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহালের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে ডাকা হরতালের আগের দিন আজ সোমবার নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এই ঘটনায় ইউসুফ হোসেন নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। 

বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল চারটার দিকে ডন চেম্বার এলাকায় ১০-১২ জন যুবক আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করেন। এ সময় লাঠিসোঁটা দিয়ে তাঁরা বাসটির কাচ ভাঙচুর শুরু করলে ভয়ে যাত্রীরা লাফিয়ে নেমে পড়েন। একপর্যায়ে তাঁরা ৩-৪টি পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ঘটনায় পুলিশ ইউসুফ হোসেন নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে।
বাসচালক মো. সানির ভাষ্য, জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতভাবে গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় হাতেনাতে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে। আটক ইউসুফ হোসেনের বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।