নারায়ণগঞ্জে যুবক আশুলিয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গত শুক্রবার রাতে ইয়াছিন নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় জালাল আহম্মেদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইয়াছিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের আলীমুজ্জামানের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় হাজী জয়নুদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী ও গাজীরচট এলাকার মধ্যে একটি ক্রিকেট খেলা হয়। ওই খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাজীরচট এলাকার খেলোয়াড় ইয়াছিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের খেলোয়াড়েরা। সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা আলীমুজ্জামান ১০ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ আল-আমিন, শরীফ কাজী ও আল-আমিন নামের তিনজনকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, পাগলা নয়ামাটি এলাকার একটি ঘরে ভাড়া থাকতেন জালাল আহম্মেদ, তাঁর পালক মা আলীমুন নেছা ও তাঁর ছেলে শরীফুল। গতকাল সকালে বাড়ির লোকজন নলকূপের পাশে পড়ে থাকা ওড়নায় রক্ত এবং বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তালা ভেঙে জালাল আহম্মেদের গলাকাটা লাশ উদ্ধার করে। লাশের শরীরে বেশ কিছু কোপের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে আলীমুন নেছা ও তাঁর ছেলে পলাতক।