নারায়ণগঞ্জে শিবিরের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে আজ বৃহস্পতিবার সকালে হরতালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা বাঁশ ফেলে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শিবিরের লোকজন জড়ো হওয়ার আগেই পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। স্থানীয় পরিবহন চলাচল করতে দেখা গেছে।