র্যাবের আরও তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান, হাবিলদার নাসিরউদ্দিন ও আবুল কালাম আজাদ। সাত খুনের ঘটনার সময় তাঁরা র‌্যাব-১১তে কর্মরত ছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডল।

মামলার তদন্ত কর্মকর্তার দাবি, তদন্তকালে তাঁরা ঘটনার সঙ্গে ওই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন। বিষয়টি র‌্যাবকে জানানোর পর গতকাল রাতে তাঁদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে সাত খুনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মামুনুর রশীদ মণ্ডলের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় করা দুটি মামলায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন র‌্যাব সদস্য।