নারায়ণগঞ্জে হরতালে বাসে আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের অক্টো অফিস এলাকায় ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি বাসে আগুন দিয়েছেন। এ সময় তাঁরা একটি বাসে ভাঙচুর চালান। আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে কেউ হতাহত হয়নি।

হরতালে শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের ভাষ্য, ঢাকা থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়াগামী আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। আগুনে বাসটি পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা পালিয়ে যান। সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।