নারায়ণগঞ্জ আদালত উড়িয়ে দেওয়ার হুমকি
নারায়ণগঞ্জ জজ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্থানীয় দুই আইনজীবীর মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) এসেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আদালতপাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনজীবী সাইদুর রহমান জানান, গত শনিবার দুপুরের দিকে মুঠোফোন নম্বর ০১৯৫১২৪৬৫৭৫ থেকে তাঁর মুঠোফোনে ইংরেজিতে লেখা ‘শিগগিরই বোমা হামলা চালানো হবে জজকোর্টে’—এমন একটি খুদে বার্তা আসে। বিষয়টি তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনকে জানিয়েছেন। আইনজীবী রেখা আক্তার জানান, গতকাল রোববার বেলা দুইটা ৪৪ মিনিটে তাঁর মুঠোফোনেও একই ধরনের বার্তা আসে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আইনজীবী সমিতির সদস্য সাইদুর রহমান ও রেখা আক্তারের মুঠোফোনে বার্তা এসেছে। এতে আইনজীবীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবং পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ আদালতের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তা যথাযথ নয় বলে অভিযোগ করেন তিনি।
আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, হুমকির ঘটনায় আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল ফটকে তালা দিয়ে ছোট ফটক দিয়ে সংশ্লিষ্টদের প্রবেশ করানো হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিও করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, কে বা কারা এই খুদে বার্তা পাঠিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কোনো দুষ্টু লোক অথবা অন্য কোনো গোষ্ঠীও এই খুদে বার্তা পাঠাতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান প্রথম আলোকে জানান, ২০০৪ সালে আড়াইহাজারে জেএমবির বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় রোববার (গতকাল) নারায়ণগঞ্জ আদালতে জেএমবির সদস্য দেলোয়ার হোসেনের হাজিরার দিন ছিল। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলায় এর আগে দেলোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সরকারি ওই কৌঁসুলি আশঙ্কা করেন, খুদে বার্তার মাধ্যমে হুমকির সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।