নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার রাতে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি এলাকা থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জে গ্রেপ্তার দুজন হলেন তাইজুল ইসলাম (৩২) ও জাকির হোসেন ওরফে জাগু (৪৮)। গাজীপুরে গ্রেপ্তার দুজন হলেন রাকিবুল ইসলাম (৩০) ও শাহীন খান (৩০)।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী তাইজুলের বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি গুলিভর্তি একটি পিস্তলসহ তাইজুল ও তাঁর সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাকিবুল ও শাহীন সিএনজিচালিত অটোরিকশায় করে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। শিববাড়ি মোড় এলাকায় অটোরিকশা থামানো হয়। এ সময় রাকিবুলের কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।