নারায়ণগঞ্জ ও গাজীপুরে তিনটি লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাজীপুরের শ্রীপুরে এক তরুণীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত বিসিক শিল্পনগরের একটি ১০ তলার ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে আবদুর রহমান (৬০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ। আবদুর রহমান কিশোরগঞ্জের ভৈরব থানার শম্ভুপুরা এলাকার বাসিন্দা ছিলেন। এ ছাড়া সকালে ফতুল্লা পাইলট স্কুলের পুকুর থেকে আবদুল মান্নান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মান্নান ওই স্কুলের নৈশপ্রহরী ছিলেন। নিহত মান্নান ফতুল্লার রেললাইন এলাকার বাসিন্দা ছিলেন।
শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাওনা ইউনিয়নের মানছুরাবাদ এলাকার ইদ্রীস পার্কের সামনে গতকাল সকালে এক তরুণীর (২৫) গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।