নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে তিনজনের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর জামালপুর গ্রাম থেকে গতকাল সোমবার সকালে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি নির্মাণাধীন মার্কেটের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা এক নারীর লাশ। এদিকে সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরের সৎভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে শহীদুল ও নাজমার বিয়ে হয়। এই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে নাজমার পরকীয়া হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। গত রোববার রাতে নাজমা ঘরের ভেতর এবং তাঁর স্বামী শহীদুল ঘরের বারান্দার একটি কক্ষে ঘুমাতে যান। গতকাল সকাল পৌনে সাতটার দিকে বারান্দার কক্ষে ঢুকে নাজমা চিৎকার দেন। এরপর প্রতিবেশীরা এগিয়ে এসে সেখানে শহীদুলের লাশ দেখতে পায়। লাশটি সকাল ১০টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শহীদুলের খালাতো ভাই শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ির পূর্বপাশে প্রায় ১০০ গজ দূরে একটি বাঁশবাগানে মাটিতে রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শহীদুলকে সেখানে হত্যার পর লাশ ঘরে এনে ঝুলিয়ে রাখা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, শহীদুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ: গতকাল দুপুরে বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকায় একটি নির্মাণাধীন মার্কেটের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশপ্রহরী মোস্তফা ও কাইয়ুমকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁকে প্রায় দুই বছর ধরে ওই এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।
এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান আকন্দ বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।
এদিকে, সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেনের সৎভাই সালেহ আহমেদের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। দক্ষিণ লক্ষ্মণখোলার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওয়ার্ড কাউন্সিলর এনায়েত বলেন, সালেহ আহমেদ মাদকাসক্ত ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাঁর ঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশ নামানো হয়।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।