নারায়ণগঞ্জ-কুমিল্লা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গি নন, দাবি স্বজনদের
যে মানুষটি তিনবেলা বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন, নিয়মিত ছেলেমেয়েকে পড়ান, তিনি কেন র্যা বের খাতায় জঙ্গি তা বুঝে উঠতে পারছেন না পারভীন নাঈম। তাঁর স্বামী খন্দকার আবু নাঈমকে র্যা ব গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনে মামলা করে দিয়েছে। এজাহারে তাঁর নাম দেওয়া হয়েছে খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী।
গত শুক্রবার র্যা ব-১১ ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সারওয়ার-তামিম’ গ্রুপের আটজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। তাঁদের পাঁচজন মো. জামাল ওরফে রাসেল জিহাদী, খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী, মো. নুরুল আবছার, মো. মহসীন ও মো. জাবির হাওলাদারকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার নির্মাণাধীন পারিজাত মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। র্যা বের দাবি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের (সারোয়ার-তামিম গ্রুপ) কিছু সদস্য গোপন বৈঠক করার জন্য একত্র হচ্ছিলেন। এই সংবাদ পেয়ে তাঁরা সেখানে যান এবং হাতেনাতে গ্রেপ্তার করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে মো. আক্তারুজ্জামান ওরফে মারুফ, হাফেজ মাওলানা ওমর ফারুক ও আবুল কাশেম মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আবু নাঈমের স্ত্রী পারভীন নাঈম বলেন, তাঁর স্বামীর বাংলাবাজারে বইয়ের দোকান আছে। গত বুধবার দুপুরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছেন বলে বেরিয়ে যান। রাত সাড়ে আটটার দিকেও ফোন বন্ধ পাওয়া যায়। সে রাতেই তাঁরা কদমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই একই ঘটনায় আটক মো. জামাল ওরফে রাসেল জিহাদীর বাবা আবদুল কুদ্দুসও ছেলের খোঁজ না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পারিজাত মার্কেটে তাঁর ছেলের একটি ইউনানী আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে।
গ্রেপ্তার মো. নুরুল আবছারের (পলাশ) বাবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ঢাকা মহানগর শাখার সহসভাপতি। তাঁর ছেলেও জঙ্গিবাদের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন তিনি। বুধবার বেলা ৩টার দিকে ছেলেকে র্যা বের লোকজন তুলে নিয়ে যান বলে খোঁজ পান। গতকাল সাইনবোর্ড এলাকার ওই নির্মাণাধীন মার্কেটে গিয়ে কথা হয় সাইট ইঞ্জিনিয়ার সৈয়দ এখলাছুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব কিছু চিন্তাও করিনি।’