নারায়ণগঞ্জ ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচি চলাকালে ছাত্রদলের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নগরের মিশনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিশনপাড়া এলাকায় অবস্থিত হোসিয়ারি সমিতির মিলনায়তনে মহানগর বিএনপির চলতি বছরের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তাঁর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের নেতা আবুল কাউছার ও রফিকুল ইসলামের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা বের হয়ে গেলে মিলনায়তনের বাইরে আবারও লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ একপর্যায়ে নগরের প্রধান সড়কে ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদলের ১০ কর্মী আহত হন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিলনায়তনে প্রবেশ, ছবি তোলা এবং নিজ নিজপন্থী নেতাদের পক্ষে বেশি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মিলনায়তনের বাইরে বহিরাগত নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়েছে। তবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মিলনায়তনের ভেতরে কিছু হয়নি।