নারায়ণগঞ্জ থেকে খোয়া যাওয়া চিনি আক্কেলপুরে উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে খোয়া যাওয়া এক ট্রাক চিনির কিছু পরিমাণ জয়পুরহাটের আক্কেলপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরের কলেজ হাট এলাকার এনামুল হকের গুদামঘর থেকে চিনি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় সাত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁরা আক্কেলপুর ও দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
থানার পুলিশ সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে ট্রাকভর্তি চিনি (৩২০ বস্তা) নীলফামারী যাচ্ছিল। একদল দুর্বৃত্ত পথিমধ্যে ট্রাক থামিয়ে চিনি নামিয়ে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি দল স্থানীয় থানার পুলিশের সহায়তায় কলেজ বাজার এলাকার মুদি দোকানি এনামুল হকের গুদামঘরে অভিযান চালায়। সেখান থেকে তারা ৭৬ বস্তা চিনি উদ্ধার করে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত এনামুল হকসহ সাতজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এনামুল হকের ছোট ভাই মোমিন হোসেন বলেন, তাঁর বড় ভাই এনামুল হক দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারের ব্যবসায়ী মিঠু হোসেনের কাছ থেকে এসব চিনি কিনেছিলেন। চিনি কেনার মেমো রয়েছে। হঠাৎ করেই পুলিশ গুদামঘরে রাখা চিনি চোরাই দাবি করে থানায় নিয়ে গেছে। এনামুল হককেও দোকানঘর থেকে ধরে নিয়ে গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ থেকে এক ট্রাক চিনি খোয়া গিয়েছিল। চিনি উদ্ধার করতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নামে। আক্কেলপুর কলেজ বাজার এলাকার এনামুল হকের গুদামঘর থেকে কিছু পরিমাণ চিনি উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমাদের অভিযান এখনো চলছে। পরে আটক ব্যক্তিদের পরিচয় জানানো হবে।’