নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ফতুল্লার ভোলাইল এলাকায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ফতুল্লার ভোলাইলে কে আর সি নামের একটি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। এরপর ওই জায়গার মালিক খলিল মিয়া ব্যবসায়ী তপন সাহার কাছে সেটি বিক্রি করে দেন। ওই জায়গা বিক্রির সময় মধ্যস্থতা করেন কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। মঙ্গলবার বিকেলে ওই জমিতে খালের পাড়ের অংশে মালিকের পক্ষে যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও তাঁর লোকজন বালু ভরাট করতে যান। এ সময় কাশীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী ও তাঁর লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে শামীম আহমেদসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, একটি জায়গার দেয়াল নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।