নারায়ণগঞ্জে আট বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছয় বাড়িতে গত রোববার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে সোনারগাঁয়ের দুটি বাড়িতে ডাকাতি হয়।
রূপগঞ্জের মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক শংকর চক্রবর্তী বলেন, উপজেলার হাউলিপাড়া এলাকায় সুজিত পালের বাড়িতে রোববার দিবাগত রাত দুইটার দিকে ১২ থেকে ১৪ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত হানা দেয়। প্রথমে ডাকাতেরা তাঁর (শংকর চক্রবর্তী) ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমারি থেকে ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। একই কায়দায় ডাকাতেরা বাড়ির মালিক সুজিতের ঘর থেকে সাত ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা লুট করে। পরে মুড়াপাড়া বাজারের প্রসাধনী ব্যবসায়ী সালাহউদ্দিন ও তাঁর বাড়ির ভাড়াটে তারেক মিয়ার ঘরে ডাকাতেরা হানা দেয়। এ সময় টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ লুট করা হয়। বাধা দেওয়ায় ডাকাতেরা সালাহউদ্দিন, তারেক মিয়া, শংকর চক্রবর্তী, তাঁর মেয়ে রূপলী চক্রবর্তী ও সুজিত পালকে মারধর করে।
একই রাতে উপজেলার হোড়গাঁও এলাকার আকতার হোসেন ও শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে ডাকাতেরা এক লাখ পাঁচ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এরপর দড়িকান্দি এলাকার আলম মিয়া ও জসিম মিয়ার বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা মালামাল লুট করে। বাধা দেওয়ায় আকতার, শফিকুল, আলম, জসিমকে মারধর করে ডাকাতেরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ বাড়িঘরগুলো পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বঙ্গালবাড়ী গ্রামের ব্যবসায়ী ইয়াজউদ্দীনের বাড়িতে রোববার রাতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা ২৫ হাজার টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। একই রাতে বরগাঁও গ্রামে সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহর আলী মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ ঘরের আসবাব লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সাদিপুর ইউনিয়নের দুটি স্থানে ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।