নারায়ণগঞ্জে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজারের হাজী মিছির আলী সুপার বিপণিবিতানের নিচতলা ও জসিম বিপণিবিতানের দ্বিতীয় তলায় গত রোববার রাতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. ওমর ফারুক, মো. সবুজ মিয়া, মো. কাজল হোসেন, মো. মুসফিকুল ইসলাম, মো. আকাশ, অজিত চন্দ্র রাজবংশী, সৈকত ও আকাশ।
গতকাল সোমবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের কম্পিউটারের সিপিইউতে পর্নো চলচ্চিত্র, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি কপি করে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। বিষয়টি র্যাব-১১-এর নজরে এলে অভিযান চালিয়ে কম্পিউটার সরঞ্জামাদিসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও বাংলাদেশ কপিরাইট আইনে মামলা করা রয়েছে।