নারায়ণগঞ্জে আবার পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা
নারায়ণগঞ্জে আবারও একটি স্পিনিং মিলে এক শ্রমিকের পায়ুপথে বাতাস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আল আমিন (২০) নামের ওই শ্রমিককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলার গোপনদী বিনয়চর এলাকায় সাবেদ আলী স্পিনিং মিলে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে ১৪ ডিসেম্বর সোনারগাঁয়ের মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ইয়ামিন নামের এক শ্রমিককে হত্যা করা হয়। এরও আগে গত ২৫ জুলাই রূপগঞ্জে জোবেদা স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় সাগর বর্মণ নামের অপর এক শিশু শ্রমিককে। গতকাল আহত আল আমিন উপজেলার গোপিন্দী গ্রামের হাছান আলীর ছেলে। ঘটনায় জড়িত অভিযোগে তাঁর সহকর্মী শ্রমিক রিমনকে আটক করেছে পুলিশ। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার থানাপাড়ার রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেদ আলী স্পিনিং মিলের মেকানিক্যাল ইউনিটে আল আমিন, রিমন (২০) এবং আরও দুই কিশোর শ্রমিক কাজ করছিল। এ সময় আল আমিনকে ধরে জোর করে পায়ুপথে প্লাস্টিকের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দেন রিমন। অপর দুই শ্রমিক এ ঘটনা মিল কর্তৃপক্ষকে জানালে তাঁরা আল আমিনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ স্পিনিং মিলে অভিযান চালিয়ে বিকেলে রিমনকে আটক করে।
সাবেদ আলী স্পিনিং মিলের কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের বলেন, বেলা দেড়টার দিকে রিমন ‘দুষ্টুমি’ করার ছলে কম্প্রেসর মেশিন দিয়ে আল-আমিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তাঁর অবস্থা মুমূর্ষু হয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় আটক রিমনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গত ২৫ জুলাই সাগর বর্মণ মারা যাওয়ার ঘটনায় তার বাবা রতন বর্মণ কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। দুই মাস আগে কারখানার তিন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন। আর ১৪ ডিসেম্বর ইয়ামিন মারা যাওয়ার ঘটনায় তার সহকর্মী রায়হান ওরফে হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।