নারায়ণগঞ্জে আরও ৫টি অস্ত্র উদ্ধার, অভিযান চলছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের বাসুন্দা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবারের অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত পাঁচটি অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। উদ্ধার অভিযান এখনো চলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি মো. আবু ইউসুফ বলেন, বাসুন্দা এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে দুই-আড়াই শ গজের মধ্যে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি অস্ত্র ইউসুফ নিজে এবং ডুবুরি মাসুদুল হক দুটি অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রগুলো ছড়ানো ছিটানো অবস্থায় নদীর তলদেশে ছিল। এগুলো আগের অস্ত্রগুলোর মতো কোনো ব্যাগে পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। এ অভিযান শুক্রবারও চলে; সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর এলাকার একটি খাল থেকে দুটি রকেট লাঞ্চার, ৬২টি সাব মেশিনগান, ৫টি পিস্তল, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ৪৫টি ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলিসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটকের কথা জানিয়েছিল পুলিশ।