নারায়ণগঞ্জে ইয়াবার কারবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ইয়াবা বড়ির কারবার বেড়ে গেছে। কক্সবাজার ও কুমিল্লার মাদক ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের সঙ্গে মিলে ইয়াবা বড়ির শক্তিশালী চক্র গড়ে তুলেছেন। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজার ও কুমিল্লা থেকে ইয়াবার চালান আনা হচ্ছে নারায়ণগঞ্জে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে ৬৬ হাজার ৮০০ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা-পুলিশ। ইয়াবা বড়ি বহনকারী ফোরকান উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা শাহজাহান ও হারুনের কাছে ইয়াবার চালানটি পৌঁছে দিতে এসেছিলেন।
গত ১৮ জানুয়ারি র্যাব-১১-এর সদস্যরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে ২০ হাজার ইয়াবাসহ কক্সবাজার সদরের হজরত আলী, আবদুল জলিল, উখিয়ার আবদুল আলী ও শাহজাহানকে গ্রেপ্তার করেন। গত ১৭ ফেব্রুয়ারি র্যাব-১১-এর সদস্যরা নারায়ণগঞ্জের নয়াবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ৫৮ হাজার ৭৭৫ ইয়াবাসহ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার অলি আহমেদ ও তাঁর সহযোগী আবদুল জলিলকে গ্রেপ্তার করেন।
গত ২০ ফেব্রুয়ারি র্যাব-১১-এর সদস্যরা সিদ্ধিরগঞ্জের শিমরাইলে একটি সিএনজি পাম্পের সামনে থেকে ১৪ হাজার ইয়াবা, ১ লাখ ৪০ হাজার টাকাসহ টেকনাফের নিলাবাজার এলাকার ইসমাইল ও কিশোরগঞ্জের কটিয়াদীর জোনায়েদ বাগদাদীকে গ্রেপ্তার করেন।
র্যাব জানায়, ইসমাইল প্রতি মাসে চার-পাঁচবার ইয়াবার এ ধরনের চালান এনে নারায়ণগঞ্জে বিক্রি করতেন। তিনি সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় বাপ্পী ট্রেডার্সের মালিক শফিকুল ইসলাম ও গাজী কালু ট্রান্সপোর্টের মালিক পান্নার কাছে ইয়াবা সরবরাহ করতেন। র্যাব এর আগে ২০১৫ সালের ৬ এপ্রিল মাদানীনগর এলাকা থেকে শফিকুল ও তাঁর সহযোগী দেলোয়ারকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে।
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ মনজুর আলম, সেলিম, মহিউদ্দিন, গিয়াসউদ্দিন, আবদুল মান্নান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁরা কক্সবাজার ও চট্টগ্রামের বাসিন্দা। ২০১৫ সালের ২৬ নভেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক থেকে ৯৮ হাজার ইয়াবা জব্দ করে র্যাব-১১।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ইয়াবার ব্যবসায়ীরা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাঁরা ধরা পড়ছেন এবং বড় বড় চালান আটক হচ্ছে।
প্রথম আলোর অনুসন্ধান ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজারে ইয়াবার ব্যবহার বেশি হচ্ছে। চাষাঢ়ায় অবস্থিত মার্ক টাওয়ার, সমবায় নিউমার্কেট, জাকির সুপার মার্কেটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা কেনার জন্য ডাক দেন।