নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে আতাউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মদনগঞ্জের সামিট পাওয়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি উপজেলার মদনগঞ্জ এলাকার মৃত জামান মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ জানান, জামান মিয়ার বাড়ির পেছন দিয়ে বয়ে যাওয়া পানির পাইপ ফাটা ছিল। এই ফাটা পাইপ দিয়ে পানি বের হওয়ার কারণে সেটি মেরামত করার জন্য পাশের বাড়ির যুবক বাবু কয়েক দিন ধরে আতাউর রহমানকে বলে আসছিলেন। কিন্তু মেরামত না করায় বাবু আতাউরের ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সামিট পাওয়ার স্টেশনের সামনে আতাউরকে পেয়ে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হারুন-অর-রশিদ।