নারায়ণগঞ্জে কারখানায় শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর প্রতি নিষ্ঠুরতা
শিশুর প্রতি নিষ্ঠুরতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতা তৈরির কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বলে তার বাবা জানিয়েছেন।
গত বছরের ৩ আগস্ট খুলনায় মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিনের নল পায়ুপথে ঢুকিয়ে শিশুশ্রমিক রাকিবকে (১২) হত্যা করা হয়। এই নৃশংসতা স্তম্ভিত করে সারা দেশের মানুষকে। এ ঘটনায় আদালত গত ৮ নভেম্বর দুই আসামি মো. শরীফ ও মিন্টু খানের ফাঁসির আদেশ দেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, শিশু সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে বা কী কারণে ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রূপগঞ্জে নিহত শিশু সাগর বর্মণ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে। এদিকে ঘটনার পরপরই সেখানে র্যা ব ও পুলিশ অবস্থান নিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
সাগরের বাবা রতন বর্মণ জানান, তিনি ও তাঁর ছেলে সাগর দুজনই রূপগঞ্জের এখলাছ স্পিনিং মিলে কাজ করেন। দুপুরে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন সাগরের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে সে অসুস্থ হয়ে পড়ে। তার পেট ফুলে যায়। গুরুতর অবস্থায় তাকে কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে রতন বর্মণ তাঁর প্রতিপক্ষের লোকজন কারা এবং সাগরকে তারা কেন মেরেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সাগরকে কারখানা থেকে ক্লিনিকে নেওয়ার পথে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ফিরোজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
এখলাছ স্পিনিং মিল জোবেদা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ ব্যাপারে জোবেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।