নারায়ণগঞ্জে গরুর হাট নিয়ে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি গরুর হাট ইজারার দরপত্র বিক্রির শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। তবে একটি রাজনৈতিক দলের সিন্ডিকেটের বাইরে কেউই দরপত্র কিনতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে নগরের বরফকল এলাকায় অবৈধভাবে পশুর হাট বসানোর চেষ্টা চলছে। সিদ্ধিরগঞ্জে ইজারা নেওয়া হাট দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা প্রশাসন এ বছর আলীগঞ্জে গণপূর্ত অধিদপ্তরের মাঠ, বক্তাবলীতে ছমিরনগর আদর্শ বাজার, আলীরটেকে আমান মার্কেটসংলগ্ন খালি জায়গা, মুক্তারকান্দিতে মুসলিম মিয়ার মালিকানাধীন খালি জায়গা, কুতুবপুরের শান্তিধারায় হাজী আবদুর রাজ্জাক ব্যাপারী মার্কেট-সংলগ্ন খালি জায়গা, বক্তাবলীতে রামনগর বিসমিল্লাহ মার্কেট-সংলগ্ন খালি জায়গা, চরবয়াগাদী মোশারফ মিয়ার মালিকানাধীন জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর দরপত্র আহ্বান করেছে। এসব হাটের দরপত্র জমা দেওয়ার তারিখ ৪ সেপ্টেম্বর। কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা উপজেলা প্রশাসনের সবকটি গরুর হাটের নিয়ন্ত্রণ করছেন। তাঁর অনুগত লোকজনকে গরুর হাটের ইজারা দেওয়ার জন্য কাউকে দরপত্র কিনতে দেওয়া হয়নি।
সদরের ইউএনও আফরোজা আক্তার চৌধুরী বলেন, প্রতিটি হাটের জন্য তিনটি করে দরপত্র বিক্রি হয়েছে। কেউ দরপত্র কিনতে পারেননি—এ ধরনের অভিযোগ কেউ করেননি।
এদিকে নগরের বরফকল এলাকায় সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিআইডব্লিউটিএর মাঠে অবৈধভাবে পশুর হাট বসানোর তোড়জোড় চলছে। এ বিষয়ে গতকাল বিকেলে বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করীম রেজা বলেন, ‘আমরা পুলিশ ও আনসারের সহায়তায় বরফকল মাঠ থেকে বাঁশের খুঁটি উচ্ছেদ করে মাঠে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছি।’
গতকাল বিকেলে গোদনাইল বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধিরগঞ্জ মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ও সদর উপজেলা কমান্ড ইউনিটের কমান্ডার শাহজাহান ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ বহুমুখী সমবায় সমিতির নামে সিটি করপোরেশনের ইজারা দেওয়া পশুর হাটটি দখল করা হয়েছে। ইফতেখার আলম ওরফে খোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা দলবল নিয়ে এ হাট দখল করে। এরপর হাট দখল করে স্থাপনা নির্মাণ, হাটের ইজারাদার ও তাঁদের সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।