নারায়ণগঞ্জে গৃহবধূ নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌসুমী আক্তার নামের এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের দাবিতে তাঁকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গত বুধবার রাতে মারধর করেন। একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়।

মৌসুমীর (১৯) বাবা আমিনুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে একই এলাকার মো. তারেকুল ইসলামের (২৫) সঙ্গে তাঁর মেয়ে মৌসুমীর বিয়ে হয়। তখন তিনি ৭০ হাজার টাকা যৌতুক দেন। কিন্তু এরপর থেকে তারেকুল আরও দুই লাখ টাকা নিয়ে দেওয়ার জন্য মৌসুমীকে মারধর করতেন। মেয়ের সুখের কথা ভেবে এরপর কয়েক দফায় তিনি ৬০ হাজার টাকা তারেকুলকে দেন। ঈদের পর মৌসুমী বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান তারেকুল। এরপর যৌতুকের দাবিতে ওই রাতে মৌসুমীকে নির্যাতন করা হয়। একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়। খবর পেয়ে মৌসুমীর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। আমিনুল অভিযোগ করেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় গেলে মামলা নেয়নি পুলিশ।

এ ব্যাপারে তারেকুলের মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া গেছে। 

গতকাল বিকেলে মুঠোফোনে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনায় আগে পুলিশ সুপারের কার্যালয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে জানাতে হবে। সেখান থেকে তদন্ত করে নির্দেশ দিলে মামলা নেওয়া হবে।