নারায়ণগঞ্জে চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় কবুতর চুরির অভিযোগে দুই শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই শিশু এখন নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল জানান, শিশু দুটির হাতে ও পায়ে দড়ি দিয়ে বাঁধার দাগ আছে। তাদের পিঠে, বুকে, মুখে ও পায়ে পিটিয়ে জখম করা হয়েছে।
আহত শিশুদের নাম সিমন (১০) ও ইমন (১২)। তারা একে অপরের আত্মীয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শফুকে গ্রেপ্তার করেছে।
আহত শিশুদের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কবুতর চুরির অভিযোগে পাইনাদী মধ্যপাড়া এলাকার শফু ড্রাইভার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সিমন ও ইমনকে তার বাড়ির লোহার গেটের সঙ্গে বেঁধে রাখে। এ সময় শফু ওই শিশুদের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা অচেতন হয়ে পড়লে শফু তার লোকজন পাঠিয়ে তাদের বাড়িতে খবর দেয়। পরে আত্মীয়স্বজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ জানান, ইমনের খালা ফারহানা এ ঘটনায় একটি মামলা করেছেন। শফু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।