নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছিল প্রগতিশীল ছাত্রজোট। মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন তাঁরা। এতে নারী কর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হন।
গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের নগরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের ক্যাডারদের মারধরের শিকার নারী কর্মীদের উদ্ধারে সাহায্য চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধ, শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক তালাবদ্ধ করে দেন। একপর্যায়ে পেছন থেকে পুলিশের উপস্থিতিতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এবং তোফা ও আলীমের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয় এবং মিছিলকারীদের এলোপাতাড়ি মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। হামলায় কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রী ঘোষ অভিযোগ করেন, ছাত্রলীগের ক্যাডারদের হামলা থেকে নারী কর্মীদের রক্ষা করতে সাহায্য চাইলেও কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেননি। উল্টো উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, ছাত্রলীগ হামলা চালালে তাঁরা কী করবেন?
জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে হরতালবিরোধী মিছিল করছিলেন। একই সময়ে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে স্মারকলিপি দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।
হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, ছাত্রজোটের নেতা-কর্মীরা মাদকাসক্ত ও বহিরাগত। তাই তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সাধারণ ছাত্রছাত্রীরা তাঁদের প্রতিরোধ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ কীভাবে চলে তাঁদের কোনো ধারণা নেই। ভর্তি প্রক্রিয়ার পুরো বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে হয়, এখানে ভর্তি-বাণিজ্যের সুযোগ নেই।’
ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বলেন, তোলারাম কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস ও ভর্তি-বাণিজ্য রুখে দেওয়ার জন্য প্রগতিশীল ছাত্রজোট কাজ করে যাচ্ছে। সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।