নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ারুল ইসলাম (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। আনোয়ারুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি।
আনোয়ারুলের খালা লতা বেগম বলেন, আনোয়ারুল হাজীগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর শ্বশুরের নাম হাবিবুর রহমান। গতকাল সন্ধ্যা সাতটার দিকে তিনি খবর পান কে বা কারা আনোয়ারুলকে হাজীগঞ্জের ম্যাক পেপার মিলের সামনে ছুরিকাঘাত করেছে। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে নগরীর খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারুল বরিশাল নগরের বন্দর থানার আজমীন হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রীর নাম মৌ। প্রিয়াঙ্কা (৯) ও আজমীর হোসেন (৬) নামের তাঁর দুই সন্তান রয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কী কারণে আনোয়ারুলকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।