নারায়ণগঞ্জে ছুরিকাহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের দেওভোগ নাগবাড়িতে ছুরিকাঘাতে আহত হৃদয় হোসেন ওরফে বাবু নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
হৃদয় হোসেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি দেওভোগ নাগবাড়ি এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তুষার কান্তি দাস বলেন, ভোর সাড়ে চারটায় দেওভোগ নাগবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে হৃদয় হোসেনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল। প্রথমে তাঁকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গতকাল বিকেলে বলেন, মাদকের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন হৃদয়কে ছুরিকাঘাতে আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।