নারায়ণগঞ্জে ছয় শ রাউন্ড গুলি ও সাতটি রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইঘর কড়ইতলা এলাকায় ভেকু দিয়ে মাটি খনন করার সময় ছয় শ রাউন্ড গুলি ও সাতটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (প্রশাসন) বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডসংলগ্ন ভুইঘর কড়ইতলা এলাকায় তাহেরুন নেছা রুনুর জমি বালু দিয়ে ভরাটের জন্য ভেকু দিয়ে মাটি খনন করে পাড় বাঁধার কাজ করা হচ্ছিল। বিকেলে পাচঁটার দিকে ভেকুতে একটি পরিত্যক্ত, জং ধরা থ্রি নট থ্রি রাইফেল উঠে আসে। পরে ওই কাজের ঠিকাদার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম ফতুল্লা থানার পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে পুলিশ গিয়ে ভেকু দিয়ে মাটি খনন করে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা থ্রি নট থ্রি রাইফেলের গুলি এবং সাতটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে।
উপপরিদর্শক এসআই এনামুল হক বলেন, রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। কাল শুক্রবার সকাল থেকে আরও অস্ত্র, গুলি আছে কি না তা খুঁজে দেখা হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, অস্ত্র ও গুলির ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। তারপরও আমরা এসব অস্ত্র ও গুলির উৎস কী তা তদন্ত করে খতিয়ে দেখব। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।