নারায়ণগঞ্জে জেএমবির তিন সদস্য আটক: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর ও মোগপাড়ায় অভিযান চালিয়ে বিস্ফোরক, জিহাদি বইসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। আটক তরুণদের কাছ থেকে পাঁচটি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, দুইটি স্কচটেপ, পাঁচটি দেশীয় অস্ত্র (চাপাতি ও চাকু), সাতটি জিহাদি বই ও ৪৬টি লিফলেট পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ, কুমিল্লা ক্যাম্প কমান্ডার মোস্তফা কায়জার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন প্রমুখ।

আটক তরুণেরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. মোস্তফা ওরফে মোস্ত ওরফে শামীম (২৫), একই জেলার ফুলবাড়িয়া থানার আবু রায়হান ওরফে হিমেল (২৪) ও রাজধানীর ধামরাই এলাকার শরিফুল ইসলাম ওরফে শাহীন (২১)। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, আটক তরুণেরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সক্রিয় সদস্য এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। র‍্যাবের কাছে তাঁরা স্বীকার করেছেন যে জেএমবির প্রতিষ্ঠাতা ও সাবেক আমির মৃত্যুদণ্ড সাজা কার্যকর হওয়া শায়খ আবদুর রহমানের অনুসারী। তাঁরা নিজ নিজ এলাকা ও এলাকার বাইরেও সাংগঠনিক বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সংগঠনের কার্যকলাপ চালিয়ে আসছিলেন। একে অন্যের সঙ্গে তাঁরা যোগাযোগ করতেন মুঠোফোনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এবং সরাসরি। মুঠোফোনে তাঁরা কখনো যোগাযোগ করতেন না।

একুশে ফেব্রুয়ারিতে জেএমবির হামলার পরিকল্পনা ছিল কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, মহান একুশে ফেব্রুয়ারি সামনে রেখে জেএমবির নাশকতা ও হামলার পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এই দলের ঊর্ধ্বতন আরেক সদস্য সাকিবকে গ্রেপ্তার করা সম্ভব হলে পরিকল্পনার বিষয়টি জানা যাবে।

আটক তরুণদের বিষয়ে তথ্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান আরও জানান, আবু রায়হান বর্তমানে আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে সমাজকর্ম বিষয়ে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত। ২০১৪ সালের শেষের দিকে তিনি তৌহিদ নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবিতে যোগ দেন। তৌহিদের মাধ্যমেই জেএমবির অপর সদস্য সাকিবের সঙ্গে তাঁর পরিচয় হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে সাকিব প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। সাংগঠনিক বিষয়ে তাঁরা আলোচনা করতেন। আবু রায়হান ‘ইয়ানত’ বাবদ ২০০ টাকা করে মাসিক চাঁদা দিতেন সাকিবের হাতে। সাকিবের মাধ্যমে জেএমবির অন্যান্য সদস্য আকাশ, রোকন ও আমিনের সঙ্গে পরিচয় হয়। ২০১৫ সালের শেষের দিকে তিনি অস্ত্র চালানোর ওপর চট্টগ্রামে প্রশিক্ষণ নেন। ২০১৬ সালের মার্চ মাস থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় সাংগঠনিক কার্যক্রম চালানো শুরু করেন।

মো. মোস্তফা ওরফে মোস্ত ওরফে শামীম ময়মনসিংহে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে তাঁর এলাকার মাদ্রাসায় ভর্তি হন। সংসারের অভাব-অনটনের কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর তিনি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত হন। ২০১৩ সালের শেষের দিকে তিনি হাসমত নামের এক অপরিচিত ব্যক্তির মাধ্যমে ধর্মীয় বিষয়ে দীক্ষা নেন। তখন থেকে এলাকায় বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়মিত যোগ দেওয়া শুরু করেন। ধীরে ধীরে জিহাদে উদ্বুদ্ধ হন। এরপর ২০১৪ সালের শেষের দিকে তাঁর নিজ গ্রামের সাকিবের (২৫) মাধ্যমে জেএমবিতে যোগ দেন। ২০১৫ সালের শুরুর দিকে সাকিবের মাধ্যমে গাজীপুরের শালনা এলাকায় একটি ভাড়া বাসায় তিনিসহ মোট ছয়জন মিলে ২৫ দিনের জিহাদি প্রশিক্ষণ নেন। সাকিবের মাধ্যমে তিনি মুঠোফোনে ধর্মীয় উগ্রবাদিতার ভিডিও ও লেকচার পেতেন। তিনিও সাকিবের মাধ্যমে সংগঠনের জন্য প্রতি মাসে ইয়ানত বাবদ ৫০-১০০ টাকা দিতেন। ২০১৫ সালের শেষের দিকে সাকিবের মাধ্যমে সংগঠনের অপর এক সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীকালে তিনি ইয়ানত বাবদ টাকা সাকিবের পরিবর্তে ওই সদস্যের কাছে দিতেন। আসাদ (২৫), শিমুল (২৬) এবং সাইদুল (২৬) নামের তিনজন তাঁদের প্রশিক্ষণ দিতেন। সংগঠনের জন্য মো. মোস্তফা তাঁর এলাকার বাছেদ, সিদ্দিক ওরফে আকাশ ও সোহেল রানাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে সাকিবের মাধ্যমে প্রশিক্ষণের জন্য ঢাকা পাঠান। তিনি ২০১৫ সালের শেষের দিকে চট্টগ্রামে অস্ত্র চালনার ওপর প্রশিক্ষণ নেন। ২০১৬ সালের অক্টোবর মাসে তাঁর ভাষায় ‘হিজরত’-এর উদ্দেশে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

মো. শরিফুল ইসলাম ওরফে শাহীন ধামরাইয়ের শরীফ বাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে নবম শ্রেণি পাস করেন। তিনি ২০১৫ সালের শুরুর দিকে টাঙ্গাইলের ঘাটাইলে একটি কাঠের দোকানে কাঠমিস্ত্রির কাজ নেন। ২০১৫ সালে মোস্তফা ও সাকিবের মাধ্যমে সংগঠনে যোগ দেন। সংগঠনের সিদ্ধান্তে তিনি আটক মোস্তফার শ্যালিকাকে বিয়ে করেন। পরবর্তীকালে তিনি একটি জুতার কোম্পানিতে কিছুদিন কাজ করেন। তিনিও সংগঠনের জন্য নিয়মিত ইয়ানত দিতেন। তিনি অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের কারণে নভেম্বর মাসে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন।