নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি তিনজন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন একটি পরিবারের পাঁচজন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম নিহত ব্যক্তিদের ডাকাত উল্লেখ করে বলেছেন, এলাকাবাসীর পিটুনিতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ওসি জানান, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গোপালগঞ্জের ডালমিয়া এলাকার আবুল হোসেন ফকিরের ছেলে নাছির ফকির (৪০) ও নড়াইলের জারুলিয়া এলাকার আবদুর রহমানের ছেলে এজাজুল ইসলাম (২৩)। ওসি মাহমুদুল বলেন, নিহত ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। লুণ্ঠিত মালামাল ও পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আক্রান্ত পরিবারের এক সদস্য বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রায় ১৫ জনের ডাকাত দল উপজেলার উত্তর জিন্দা এলাকার আবদুল কুদ্দুস শিকদারের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সবাইকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁদের মারধর ও কুপিয়ে পাঁচজনকে আহত করে। পরে তারা দেড় লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
আক্রান্ত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে তিন ডাকাতকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডাকাতদের হামলায় আবদুল কুদ্দুস শিকদার (৬০), তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০), ছেলে ইয়াকুব শিকদার (২৮), ছেলের স্ত্রী দোলন (২২) ও ভাইপো রাজ্জাক (৪৫) আহত হয়েছেন। তাঁদের রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, সম্প্রতি ওই বাড়ির ছেলে ইয়াকুব শিকদারের বিয়ে হয়। বিয়ে উপলক্ষে তৈরি করা স্বর্ণালংকার বাড়িতে ছিল। ডাকাতেরা ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করতেই হানা দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ওসি মাহমুদুল ইসলাম বলেন, এক ডাকাতের কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা, কাপড়, দুটি মুঠোফোন ও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
গত ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় একটি চালের আড়তে ডাকাতির সময় গণপিটুনিতে আটজন নিহত হয়েছিলেন।