নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা এলাকায় আজ শনিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। পুলিশ বলছে, এক বাড়িতে ডাকাতি শেষে পালানোর পথে তাদের গণপিটুনি দেওয়া হয়। ডাকাতদের হামলায় ওই বাড়ির পাঁচ সদস্য আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি। ‘ডাকাতদের’ হামলায় আহত পাঁচজন রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন গৃহকর্তা আব্দুল কুদ্দুস সিকদার, তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম, ছেলে ইয়াকুব সিকদার ও তাঁর স্ত্রী দোলন বেগম। অন্যজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ভোরে আব্দুস কুদ্দুস সিকদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে। ওই বাড়ি থেকে লুট করা দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পালানোর সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
দুই মাস আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ৮ ডাকাত নিহত হয়।
আরও জানতে পড়ুন
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮