নারায়ণগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের উত্তরপাড়ায় আলাদা অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে বলে র্যাবের দাবি। গত সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার আলীরটেক উত্তরপাড়ার মো. স্বপন হোসেন (৩৫) ও মো. আকতার হোসেন (৩৫)। তাঁদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক বলেন, আলীরটেক উত্তরপাড়ায় কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাই ও মাস্তানি করে আসছিল। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১১-এর একটি দল মাদক ব্যবসায়ী স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৪৮৫টি ইয়াবা বড়ি, একটি রাম দা, সাতটি চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, চারটি মুঠোফোন সেট ও আড়াই হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া প্রায় একই সময়ে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আকতার হোসেনকে আটক করা হয়।