নারায়ণগঞ্জে দুই ব্যবসায়ী নিখোঁজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে গত কয়েক দিনে দুই ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁদের স্বজনেরা গতকাল শুক্রবার ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ হওয়া দুজন হলেন বক্তাবলী এলাকার মৃত খালেক ব্যাপারীর ছেলে ইট ও কয়লা ব্যবসায়ী খবির হোসেন (৩৭) এবং ফতুল্লার ভোলাইল এলাকার মুদি ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৮)।
খবির হোসেনের বড় ভাই সলিমউল্লাহ জিডিতে উল্লেখ করেন, খবির হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজে যান। পরে সেখান থেকে ২০ হাজার টাকা নিয়ে রিকশায় হরিহরপাড়া শীষমহলের আমতলী এলাকার বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও খবিরের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
ভোলাইল এলাকার মুদি ব্যবসায়ী আমজাদ হোসেন দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নারায়ণগঞ্জের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের উদ্দেশে ভোলাইলের বাসা থেকে গত বুধবার দুপুরে বের হওয়ার পর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আমজাদের স্ত্রী বিউটি আক্তার ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছেন।
আমজাদের খালাতো ভাই আবু বকর সিদ্দিক জানান, গত ৪ মে রাতে ভোলাইল এলাকায় নিজ বাসায় খুন হন মিষ্টি ব্যবসায়ী আমান উল্লাহ ও তাঁর স্ত্রী হোসনে আরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার বাদীর পক্ষে কাজ করতেন আমজাদ হোসেন। এতে মামলার বিবাদীপক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারে।