নারায়ণগঞ্জে নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য।
আজ বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বুধবার ভোরে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার মোহাম্মদ কাইয়ুম হাওলাদার ওরফে মিঠু (৩২) ও উত্তর মান্ডা এলাকার মো. সেলিম (৩২)।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক মো. শাকিল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মোহাম্মদ কাইয়ুম পাঁচ বছর ধরে ঢাকায় থাকেন। তিনি ২০১২ সালে পিরোজপুর থাকাকালীন জনৈক মামুনের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন এবং পরে ঢাকায় চলে আসেন। ২০১৬ সালের শুরুতে তিনি জেএমবিতে যোগ দেন। তিনি ঢাকা, লালমনিরহাট, পিরোজপুর, বাগেরহাট, গাইবান্ধা, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে এবং নোয়াখালী জেলার বিভিন্ন চরে গিয়ে জঙ্গি প্রশিক্ষণের জন্য স্থান নির্ধারণের কাজও করতেন তিনি।

অপর এজাহারভুক্ত আসামি মো. সেলিম ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তিনি মুফতি মো. জসিম উদ্দিন রাহমানির কাছে যাতায়াত শুরু করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদে যুক্ত হন। ২০১৬ সালের শুরুতে জনৈক মোনতাছিরের মাধ্যমে জেএমবিতে যোগদান করেন এবং সক্রিয় সদস্য হিসেবে দাওয়াতি কার্যক্রম শুরু করেন। মুরগি ব্যবসার অন্তরালে জেএমবির অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। বিভিন্ন জঙ্গিবাদী ভিডিও চিত্র সংগ্রহ করে সমমনাদের ভেতর প্রচার করে আসছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে জেএমবির প্রচারকার্য চালিয়ে আসছিলেন বলেও জানানো হয় র‍্যাবের বিজ্ঞপ্তিতে।

গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আট সদস্যকে আটক করে র‌্যাব। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় সাতটি ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জঙ্গিবাদী বই। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন তাঁরা।