নারায়ণগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর জসিমউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চর সৈয়দপুর এলাকায় সম্রাট ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের দোতলার একটি কক্ষ থেকে জসিমউদ্দিনের (৩৭) লাশ উদ্ধার করা হয়। তিনি গোগনগর এলাকার আহম্মেদ চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার শহরের গোগনগর এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জসিমউদ্দিন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় জসিমউদ্দিনের মুঠোফোনে তাঁর স্ত্রী ময়না বেগম ফোন করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে খোঁজখবর নিয়ে লোকজনসহ ময়না বেগম চর সৈয়দপুর এলাকায় সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনের মালিকানাধীন দোতলা ভবনের সম্রাট ট্রান্সপোর্টে যান। এ সময় তাঁরা দুর্গন্ধ পান। এতে তাঁদের সন্দেহ হয়। তাঁরা খবর দিলে পুলিশ গিয়ে একটি কক্ষ থেকে জসিমউদ্দিনের লাশ উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন ট্রান্সপোর্টের ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। অগ্নিসংযোগ করা হয় দৌলত হোসেনের বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়না বেগম বলেন, জসিমউদ্দিন ও দৌলত হোসেন একসঙ্গে জমি বেচাকেনার ব্যবসা করতেন। এর আগে জসিমউদ্দিনের সঙ্গে দৌলত হোসেনের ঝগড়া হয়েছিল। শুক্রবার বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। তাঁর দাবি, জসিমউদ্দিন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জসিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।