নারায়ণগঞ্জে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তার সম্পাদক আবু আল মোরসালিনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলাটি ২৫ মার্চ পুলিশ নথিভুক্ত করলেও বিষয়টি জানাজানি হয় গতকাল মঙ্গলবার।
মামলার এজাহারে বাদী মীর সোহেল নিজেকে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি উল্লেখ করে বলেন, ২২ মার্চ যুগের চিন্তায় ‘সরকারি চাল যুবলীগ নেতার গরুর পেটে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, গত ঈদুল আজহার আগে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সাত হাজার চালের স্লিপ পায়। সেখান থেকে তিনি (সোহেল) একাই ২৫০টি স্লিপ গ্রহণ করেন। কিছু স্লিপ দরিদ্র
মানুষকে দিলেও অধিকাংশ স্লিপের চাল তাঁর (সোহেল) খামারের গরু-খাসি খেয়েছে। এ ছাড়া তিনি (সোহেল) চাঁদাবাজিসহ ড্রেজার, মাদক ও ঝুট ব্যবসা এবং চোরাই তেল সেক্টর নিয়ন্ত্রণ করেন। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এতে তাঁর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক শেখ সাদী বলেন, মামলাটি রেকর্ড করার পর তদন্তকাজ শুরু হয়েছে।