নারায়ণগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জ মুক্তিযোদ্ধা সমবায় সমিতিকে নগরীর গোদনাইলের ইব্রাহীম কম্পোজিট টেক্সটাইল মিলের মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা দিয়েছে। কিন্তু একটি মহল সেখানে বাঁশের খুঁটি পুঁতে হাটের দখল নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন আট বছর ধরে রপ্তানিকারক প্রতিষ্ঠান ইব্রাহীম কম্পোজিট টেক্সটাইল মিলের মাঠে কোরবানির পশুর হাট ইজারা দিচ্ছে। এ বছর দরপত্রের মাধ্যমে ২৫ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা জমা দিয়ে হাটের ইজারা পেয়েছেন সিদ্ধিরগঞ্জ মুক্তিযোদ্ধা সমবায় সমিতির পক্ষে এর চেয়ারম্যান জুলহাস ভূঁইয়া। কিন্তু ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড ও বাজার, আরামবাগ, ভূঁইয়াপাড়া, ধনকুন্ডা, বাড়ৈপাড়া ও হাটের আশপাশের শতাধিক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ২৪ আগস্ট হাটের নির্ধারিত মাঠে মহড়া দিয়ে সেখানে হাট বসানোর জন্য বাঁশের খুঁটি পুঁতে প্যান্ডেল নির্মাণ শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী ইফতেখার আলম ওরফে খোকনসহ আরও অনেকে মুক্তিযোদ্ধাদের কাছে হাটের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছেন। এটা না হলে তাঁরা মুক্তিযোদ্ধাদের হাট বসাতে দেবেন না।
হাটের ইজারাদার মুক্তিযোদ্ধা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধারা সিটি করপোরেশনের তহবিলে প্রায় ২৬ লাখ টাকা জমা দিয়ে হাটের ইজারা পেয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা আগেই হাট দখল করে নেওয়ায় মুক্তিযোদ্ধারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা হাট দখল করে প্যান্ডেল নির্মাণ করে।
ইফতেখার আলম বলেন, ‘মাঠে পালাগানের আয়োজন করা হবে। তাই প্যান্ডেল করা হয়েছে। আমরা কোনো হাট দখল করিনি। আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
ইব্রাহীম কম্পোজিট টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক (জিএম) আফজাল হোসেন বলেন, ‘আমাদের মাঠে সিটি করপোরেশন কোরবানির পশুর হাট বসায়। এবার দুই পক্ষ হাট বসাতে চাওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব বলেন, ইব্রাহীম কম্পোজিট টেক্সটাইল মিলের মাঠ কোরবানির পশুর হাট বসানোর জন্য সিদ্ধিরগঞ্জ মুক্তিযোদ্ধা সমবায় সমিতিকে ইজারা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের আরও কয়েকটি পশুর হাটের পুনঃদরপত্র ডাকা হয়েছে। পুরো দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন শেষে কোরবানির পশুর হাট ও ইজারাদারদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী দু-এক দিনের মধ্যে লিখিতভাবে জানানো হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরাফতউল্লাহ জানান, সেখানে দুই পক্ষ হাট বসাতে চাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে এখন কাউকে ঢুকতে দেওয়া হবে না।