নারায়ণগঞ্জে পাইরেটেড সিডি উদ্ধার, গ্রেপ্তার ১৮
দুটি সিনেমা হলসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড ও অশ্লীল অডিও-ভিডিও সিডিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার ভোরে র্যাব-১১ এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্স নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের লাভলী সিনেমা হল ও আমন্ত্রণ সিনেমা হলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।
বিকেলে আদমজীতে অবস্থিত র্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, জাজ মাল্টি মিডিয়ার সিইও আলীম উল্লাহ, বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিজের সহসভাপতি গীতিকার হাসান মতিউর রহমান, শিল্পী পথিক নবী, টাস্কফোর্স সদস্য শহীদুল ইসলাম, দেওয়ান আরিফ প্রমুখ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাভলী সিনেমা হলের প্রজেক্টর পরিচালনাকারী মনির হোসেন (৪৫), মো. শরীফ (২৭), লালচান (২৫), আরিফ (২১), খন্দকার মিজানুর রহমান (৪৯), মাসুম (১৯), সোহাগ ত্রিপুরা (২৩), লিমন (২০), মো. ফয়সাল (২৪), রানা (২০), আব্দুল্লাহ হাসনাত (২৪), মো. জিহাদ (২৭), মো. সোহেল (২৯), মো. রাসেল (২৬), মো. জাকির হোসেন (২৬), শাহ আলম (১৮), মো. জাকির হোসেন (৪৩) ও মো. রফিকুল ইসলাম (২৪)।
কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে যে সংঘবদ্ধ এই চক্রের পাশাপাশি দেশের আরও কয়েকটি সংঘবদ্ধ দল সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার স্বত্ব ক্রয় ছাড়াই পাইরেসি করে সংশ্লিষ্ট সিনেমার নির্মাতা, প্রযোজক ও চিত্রশিল্পীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছে। এ ধরনের অসাধু ব্যক্তিদের অপতৎপরতায় দেশের ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি অশ্লীল প্রচারের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের পথে নেওয়া হচ্ছে। পাইরেসি ও অশ্লীলতার বিরুদ্ধে চলমান তৎপরতার ধারাবাহিকতায় গতকাল ভোরে সোনারগাঁ উপজেলার লাভলী ও আমন্ত্রণ সিনেমা হলসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের সদস্য মনির হোসেনসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।