নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটি মোড় এলাকায় আজ দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে শ্রমিকেরা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটি মোড় এলাকায় আজ দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে শ্রমিকেরা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশের এক সদস্যের সঙ্গে ও এক ট্রাক শ্রমিকনেতার বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত লোকজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পঞ্চবটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাসদাইর এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় ফতুল্লা মডেল থানার পুলিশের কনস্টেবল মো. আজাদ ও ফতুল্লা ট্রাকশ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ফতুল্লা যাচ্ছিলেন। অটোরিকশায় বসা নিয়ে আজাদের সঙ্গে আমিনুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এতে আজাদ মাথায় গুরুতর আঘাত পান। বিষয়টি জানতে পরে পঞ্চবটিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমিনুলকে আটক করে। এ খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পঞ্চবটিতে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন ও সিটি করপোরেশনের স্থানীয় একটি পার্কে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা টায়ার জ্বালিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়েন। একপর্যায়ে পুলিশ ২০-৩০টি রাবার বুলেট ছুড়ে পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বুলেটবিদ্ধ হন আ. রহিম, মো. এনায়েত, ফারুক, হাসান, আল-আমিন নামের পাঁচজন। পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন অন্তত ১৫ জন।
ফতুল্লা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস টি আলমগীরের ভাষ্য, ‘ব্যাটারিচালিত অটোরিকশায় আমাদের এক শ্রমিকনেতা আরোহী ছিলেন। এ সময় একজন লোক অটোরিকশায় উঠে সিট ছাড়তে বলে। না ছাড়ায় পরে তাঁকে ওই লোক থাপ্পড় মারেন। পরে ওই শ্রমিকনেতা নিজের পরিচয় দেওয়ার পরও তাঁকে আটকে রাখা হয়। এই ঘটনার পর ট্রাকশ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।’
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মহিবুল ইসলামের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে মারধর করেন ট্রাকশ্রমিকেরা। এ ঘটনায় চারজনকে আটক করলে শ্রমিকেরা সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের পাঁচ-ছয়জন সদস্য আহত হয়েছেন।