নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ শ্রমিক আহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে আজ শনিবার পুলিশের সংঘর্ষে একটি শিল্প কারখানার কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিক্ষোভ করছিলেন।
সকাল সাড়ে আটটার দিকে ওই সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা ও শ্রমিকদের পাল্টা ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কের ওপরে বসে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালান।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় শ্রমিকেরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদের ভাষ্য, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে পারটেক্স গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।