নারায়ণগঞ্জে পোশাককর্মীর মৃত্যু নিয়ে রহস্য, আটক ৪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় মনিরুজ্জামান মনির (২৪) নামের এক পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মনির রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ফতুল্লার বিসিক শিল্প নগরের আরএস গার্মেন্টসের শ্রমিক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ফতুল্লার এনায়েতনগর এলাকার ফাইভ স্টার ভবনের পাশে আরেকটি ছয়তলা ভবন রয়েছে। দুই ভবনের মাঝে সামান্য ফাঁক রয়েছে। এই দুই ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে মনিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত মনিরের প্যান্টের বোতাম ও জিপার খোলা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, নারীঘটিত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাঁকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা অথবা তিনি নিজেকে রক্ষা করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছেন। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।