নারায়ণগঞ্জে প্রকাশ্যে নৃশংসতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে প্রকাশ্যে নৃশংসতার ঘটনা বাড়ছে। গত এক মাসে জনবহুল স্থানে নৃশংসতার তিনটি ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রায় সবাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।
এর মধ্যে ঘর থেকে তুলে নিয়ে হত্যা, প্রকাশ্যে গোলাগুলি, অপহরণ, জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা নারায়ণগঞ্জের ফতুল্লার মানুষদের আতঙ্কিত করে তুলেছে।
গত ৪ মে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কড়ইতলা মোড়ে বেলা ১১টায় অসংখ্য মানুষের সামনে দা দিয়ে কুপিয়ে খুন করা হয় আসাদুজ্জামান ওরফে এতিম সুজনকে।
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবক নজরুল ইসলাম ওরফে বাবুকে ২০১১ সালে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী ভিপি সোহেল। গত ১৪ মে এই হত্যা মামলার বাদী নজরুলের বাবা জালালউদ্দিনকে দুপুর ১২টায় তাঁর বাড়ির সামনে একটি চায়ের দোকানে লোকজনের সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে দুই চোখ উপড়ে, হাত-পা ভেঙে, কুপিয়ে এবং হ্যামার (রড পেটানোর বড় হাতুড়ি) দিয়ে শরীর থেঁতলে মৃত্যু নিশ্চিত করে রাস্তায় ফেলে দেওয়া হয়।
১ জনু ফতুল্লা মডেল থানার মাত্র কয়েক শ গজ দূরে ডিআইটি মাঠ এলাকায় বিকেলে শত শত মানুষের সামনে সন্ত্রাসী ফরহাদ আহমদকে গুলি করা হয়, চাপাতি দিয়ে কোপানো হয়, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়, স্ক্রু ড্রাইভার দিয়ে দুই চোখ খোঁচানো হয়, পায়ের রগ কেটে দেওয়া হয়। সন্ত্রাসী ফরহাদ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে পোশাক কারখানায় কাজের খোঁজে পাগলার রসুলপুর এলাকায় এসেছিলেন দুই চাচাতো বোন। ৭ জুন রাতে তাঁদের ঘর থেকে তুলে নিয়ে এক বোনকে ধর্ষণ করা হয়। আরেক বোন ধর্ষকদের হাত-পা ধরে কোনো রকমে নিজের সম্ভ্রম রক্ষা করেন। এ ঘটনায় রানা, আলাউদ্দিন, আবুলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
৮ জুন মাসদাইর এলাকায় রপ্তানিমুখী একটি গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতা মতি প্রধানের বাহিনীর সঙ্গে পিচ্চি মিজান ও গাফফারের বাহিনীর সংঘর্ষ হয়। দুই পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সন্ত্রাসীরা দুজন কর্মকর্তাকে এলোপাতাড়ি পেটায়। ঘটনাস্থল থেকে গাফফারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা করলেও মতি প্রধানকে আসামি করেনি। তিনি এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর মাসদাইর (৭, ৮ ও ৯ ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি।
১০ জুন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুর্ধর্ষ সন্ত্রাসী মির হোসেন ওরফে ল্যাংড়া মিরুর নেতৃত্বে সন্ত্রাসীরা পাগলার রসুলপুর এলাকায় নুরুল হক নামের এক যুবককে তাঁর মায়ের সামনে থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে। নুরুলের মায়ের অভিযোগ, মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় ল্যাংড়া মিরু বাহিনী তাঁর ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় ল্যাংড়া মিরুকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। কিন্তু মিরুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এতিম সুজন হত্যার ঘটনায় তাঁর ভাই রাশেদুজ্জামান বাদী হয়ে রুনা, জাহাঙ্গীর, জেমস, রাসেল, জাভেদ, জাহাঙ্গীর, সামাদকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির নামে একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলার বাদীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
নিহত সুজনের পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাছান ওরফে মুন্নার নির্দেশেই তার ক্যাডাররা সুজনকে হত্যা করে। তবে কাউন্সিলর মুন্না অভিযোগ অস্বীকার করেছেন।
রূপগঞ্জের প্রতিবাদী যুবক নজরুল ইসলামের বাবা জালালউদ্দিন হত্যার ঘটনায় সন্ত্রাসী ভিপি সোহেলসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইকবাল ইতিমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ফতুল্লার সন্ত্রাসী ফরহাদ আহমদের ওপর হামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে সন্ত্রাসী বাঘা আরিফকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা করেছেন। বাঘা আরিফ যুবলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ফতুল্লার পঞ্চবটীতে বুড়িগঙ্গা নদীর তীরে বিপিসির দুটি জ্বালানি তেলের ডিপোর চোরাই তেলের ব্যবসার প্রাধান্য নিয়ে বিরোধের জের হিসেবে এই হামলা হয়েছে বলে পুলিশের ধারণা। ফরহাদ যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ফরহাদকে হত্যাচেষ্টা মামলায় ওসমান ও ফারুক নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঘা আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন জমিতে টাঙানো অসংখ্য সাইনবোর্ড পুলিশ তুলে এনে ফেলে রেখেছে। এগুলো নিরীহ মানুষের জমিতে ভুয়া ওয়ারিশনামা জোগাড় করে রাজনৈতিক ক্যাডাররা লাগিয়েছিল। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে সাইনবোর্ডগুলো সরানো হয়।
অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা রাজনৈতিক দল ও প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থাকায় পুলিশও পেশাদারির সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দাবি করেন, যেসব সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা হয়েছে, প্রতিটি ঘটনায় আসামি গ্রেপ্তার হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর দাবি, পুলিশের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। পুলিশ সীমিত জনবল দিয়ে ঘনবসতিপূর্ণ থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে।
নাগরিক সমাজের উদ্বেগ: আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চিত্রে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, সন্ত্রাসী প্রকাশ্যে নৃশংস ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে চলে যেতে পারলে জনমনে আতঙ্ক বাড়ে। এরপর যদি দেখা যায়, প্রতিটি ঘটনায় আসামিরা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত, তাহলে তো আর কোনো আশা থাকে না। তখন পুলিশও রাজনৈতিক চাপে স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই পরিস্থিতি সমাজকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং নিরাপত্তাহীনতা বাড়াবে। তিনি বলেন, এখানে এখন ‘জোর যার মুল্লুক তার’—এই নীতিতে অপরাধ ঘটাচ্ছে সন্ত্রাসীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, তিনটি ঘটনা ঘটেছে পূর্বশত্রুতার জের ধরে। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে সচেষ্ট আছে।