নারায়ণগঞ্জে প্রতিবেশীদের হত্যার হুমকি হত্যা মামলার আসামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হত্যা ও মাদক মামলার আসামি রবিন জামিনে ছাড়া পেয়ে প্রতিবেশী কয়েকজনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নগরের ১ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা মো. হোসেন আলী গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন আলী গতকাল তাঁর সীমানা প্রাচীরের ভেতরে প্রতিবেশী নুরউদ্দিন মিয়ার কদমগাছের ডাল শ্রমিক দিয়ে কাটাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে নুরউদ্দিন মিয়ার নাতি ও সুরুজ্জামালের ছেলে রবিন তিনতলা বাড়ির ছাদ থেকে ওই শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে তিনি তিনতলা থেকে নেমে ক্ষুর নিয়ে হোসেন আলীর বাড়িতে ঢোকার চেষ্টা চালান। এই সময় রবিন হোসেন আলী ও তাঁর পরিবারের সদস্যদের গালাগাল করেন ও হত্যার হুমকি দেন।
রবিন নগরের ডিআইটি এলাকায় অবস্থিত জুতার দোকানের কর্মচারী ডালিম হত্যা ও একাধিক মাদক মামলার আসামি। বাদী বলেন, তিনি নিজের সীমানাপ্রাচীরের ভেতরে ছড়িয়ে পড়া নুরউদ্দিনের গাছের ডাল শ্রমিক দিয়ে কাটাচ্ছিলেন। তিনি বলেন, ‘এ সময় সন্ত্রাসী রবিন শ্রমিকদের ওপর ইট ছুড়তে থাকে, আমরা তাকে নিষেধ করলে সে ক্ষুর নিয়ে আমার বাড়িতে ঢোকার চেষ্টা চালায়, গালাগাল দিয়ে আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।’
ডাল কাটায় নিয়োজিত শ্রমিক ফিরোজ মিয়া তাঁদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন বলেন, ঘটনার তদন্তে গিয়ে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামি রবিন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি মাদক ও হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকে রবিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।