নারায়ণগঞ্জে প্রিন্টিং কারখানার শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মমিনুল হক (২৬) নামের এক প্রিন্টিং কারখানার শ্রমিক খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে পুলিশ বন্দরের কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সাংবাদিকদের বলেন, নিহত শ্রমিক মমিনুল সোনারগাঁ থানার নবীনগর এলাকার মোতালেব হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের রিভার ভিউ কমপ্লেক্সে বিসমিল্লাহ স্ক্রিন প্রিন্টিং কারখানায় কাজ করতেন। আজ শুক্রবার সকালে উপজেলার কল্যানদী পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই শ্রমিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাসায় ফেরার কথা ছিল মমিনুলের। ধারণা করা হচ্ছে, পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় নিহতের ভাই রিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।