নারায়ণগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার বাদী তাঁর বাবা মো. জালালউদ্দিনকে অপহরণের পর কুপিয়ে হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার পান্না ওরফে ভিপি সোহেলকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বৃহস্পতিবার গভীর রাতে র্যা ব-১১-এর একটি দল রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যা ব-১১-এর ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান এ তথ্য জানান। ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৪ মে রূপগঞ্জের মাছিমপুর গ্রামের জালালউদ্দিনকে সন্ত্রাসীরা একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে। ওই হত্যার পরিকল্পনা করা হয় ভিপি সোহেলের মিরকুটিরছেওর বাসায়। হত্যার আগে ওই মাইক্রোবাসটি সোহেলের বাসার সামনে অবস্থান করেছিল। হত্যাকাণ্ডে অংশ নেওয়া লেদা ফারুক, সবুজ, সেলিম, মোহাম্মদ আলী, তাওলাদ হোসেন তালু, রশিদসহ অন্যরা জালালউদ্দিনের ছেলে বাবু হত্যাকাণ্ডেরও আসামি। বাবু হত্যা মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা জালালউদ্দিনকে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছিলেন। জালালউদ্দিন হত্যাকাণ্ডের পর ভিপি সোহেল আত্মগোপনে চলে যান। অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব।
র্যা ব আরও জানায়, ভিপি সোহেল মূলত একজন জমির দালাল ও শীর্ষ সন্ত্রাসী শওকত গ্রুপের সদস্য ছিলেন। শওকত মারা যাওয়ার পর ওই গ্রুপের নেতৃত্বে আসেন তিনি। রূপগঞ্জের মুড়াপাড়ায় সন্ত্রাসী আলমাস ও শওকত পক্ষের দ্বন্দ্বের কারণে এ পর্যন্ত অনেকগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভিপি সোহেলকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ভিপি সোহেল ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্র ব্যবসা করে আসছিলেন। ২০১১ সালের ৫ নভেম্বর জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু প্রতিবাদ করলে তাঁকে কুপিয়ে ও গুলি করেন সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তাঁর লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। ১৫ মে আসামিরা জামিনে বেরিয়ে এসে জালালউদ্দিনকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় ভিপি সোহেলের সহযোগী ইকবালকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।