নারায়ণগঞ্জে বাসায় ঢুকে ছাত্রীকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জ শহরের জামতলার ধোপাপট্টি এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসায় ঢুকে সোনালী দাস (১০) নামের এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর দুর্বৃত্তরা বাসার আলমারি ভেঙে ২০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।
সোনালী জামতলা এলাকাসংলগ্ন মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবারের সঙ্গে জামতলার ধোপাপট্টির একটি টিনশেডের বাসায় থাকত সে। বাবা শ্যামল দাস প্রাইভেট কারের চালক। মা মালা রানী দাস ঘরে কাপড় সেলাইয়ের কাজ করেন। তিন বোনের মধ্যে সোনালী দ্বিতীয়। বড় বোন সূচনা দাস ও ছোট বোন স্বর্ণা দাস স্থানীয় আরেকটি স্কুলের যথাক্রমে নবম ও প্রথম শ্রেণির ছাত্রী।
সোনালীর পরিবার জানায়, গতকাল সকালে সোনালীর বাবা শ্যামল দাস কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। ওই সময় দুই বোন সূচনা ও স্বর্ণা স্কুলে চলে যায়। বেলা ১১টার দিকে মা মালা রানী নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় একটি ব্যাংকে ডিপিএসের টাকা জমা দিতে যান। দুপুর ১২টার দিকে সোনালীর ছোট বোন স্বর্ণাকে পড়ানোর জন্য বাসায় যান অঞ্জলি নামের একজন। অঞ্জলি বাসায় ঢুকে দেখেন, একটি খাটে চিৎ হয়ে পড়ে আছে সোনালী। বাসার আলমারির দরজা খোলা। অঞ্জলির চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসে। লোকজন সোনালীকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনালীর মা মালা রানী বলেন, কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। হত্যাকারীরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। মালা রানী বলেন, বেলা ১১টার দিকে সোনালীর ছোট বোন স্বর্ণার স্কুল ছুটি হয়। সে বাসায় ফিরেছিল। পরে বাসা থেকে বের হয়ে আশপাশে ছিল স্বর্ণা। আর দুপুর ১২টার দিকে সোনালীর স্কুল শুরু হয়। স্কুলে যাওয়ার কথা ছিল তার। দুপুর ১২টার দিকে স্বর্ণাকে পড়াতে এসেছিলেন শিক্ষিকা অঞ্জলি। অঞ্জলিই তাঁকে ফোন করে ঘটনা জানান। মালা রানীর ধারণা, বেলা ১১টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
গতকাল বিকেলে ঘটনাস্থলে গেলে সোনালীদের প্রতিবেশী ভাড়াটিয়া কেউ ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন। সোনালীদের বাসার ভেতরে গিয়ে দেখা গেছে, দুই কক্ষজুড়ে জিনিসপত্র ও কাপড়চোপড় উলটপালট হয়ে পড়ে আছে। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ওড়না বা কাপড় দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে সোনালীকে হত্যা করা হয়েছে। তার মাথায় পেছনে আঘাতের চিহ্নও আছে। কোনো কিছু খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।