নারায়ণগঞ্জে বিচারক দম্পতির বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আদালতপাড়া-সংলগ্ন চাঁদমারীর আজমেরীবাগ এলাকায় এক বিচারক দম্পতির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ওই ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে বেতনের টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ইমদাদুল হক জানান, তাঁর স্ত্রী নাজনীন রেহানা নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সহকারী জজ। তাঁরা শহরের চাঁদমারী আজমেরীবাগ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। প্রতিদিনের মতো ফ্ল্যাট তালাবদ্ধ করে তাঁরা কর্মস্থলে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা তাঁকে মুঠোফোনে জানান, তাঁদের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা আলমারিতে রাখা বেতনের ২৫ হাজার, দুই ভরি স্বর্ণালংকার ও ৭ ভরি রুপার অলংকার নিয়ে গেছে। বিষয়টি তিনি ফতুল্লা মডেল থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে। র্যাবও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, তিন মাস আগে প্রতিবেশী নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের বাড়িতেও চুরি হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।