নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে কুতুবউদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত একটার দিকে উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী শামীম আহম্মেদ (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, গতকাল রাতে উপজেলার ফরাজিকান্দা এলাকার বাড়ি থেকে ব্যবসায়ী কুতুবউদ্দিনকে দোকানের তালা ভাঙা বলে ডেকে নিয়ে যান শামীম। দোকানের তালা পরীক্ষা করে বাসায় ফেরার পথে ভবনের নিচতলায় কুতুবউদ্দিনকে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থলেই কুতুবউদ্দিনের মৃত্যু হয়।
শামীম কুমিল্লার দাউদকান্দি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি আগে কুতুবউদ্দিনের বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ড পরিকল্পিত।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতা অথবা ব্যবসায়িক লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।