নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম মহসিন মোল্লা (২৬)। বাবা নাম সাদেক মোল্লা। বাড়ি উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সকালে মহসিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তির গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত হওয়া ব্যক্তির চাচা আবুল হোসেন মোল্লা বলেন, মহসিন ঠিকাদারির ব্যবসা করতেন। রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১৯ সেক্টরে একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন তিনি। গতকাল রাতে ওই প্রতিষ্ঠানের সাইড অফিসে ঘুমিয়ে ছিলেন মহসিন। আজ সকালে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মহসিনের স্বজনদের ধারণা, শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।