নারায়ণগঞ্জে ভুয়া কর্নেল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলা ধোপাপট্টি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে এ কে এম মঈন আজিজ (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি মুঠোফোন, ২৫টি হাতঘড়ি, ৩টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপ কম্পিউটার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, সম্প্রতি কামাল হোসেন নামের এক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫ হাজার টাকা ও মুঠোফোন সেট হাতিয়ে নেন কর্নেল পরিচয় দেওয়া মঈন আজিজ। চাকরি না পাওয়ায় ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ মঈন আজিজকে আটক করে।
ওসি কামাল উদ্দিন আরও বলেন, মঈন আজিজের কাছে সাতটি বিকাশ নম্বর ছিল। ধারণা করা হচ্ছে, তিনি কর্নেল পরিচয়ে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। মঈন আজিজের শহরের জামতলায় চারতলা বাড়ি রয়েছে। তিনি কোনো কাজকর্ম না করে নিজেকে কর্নেল পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন। তাঁর টেলিফোন বিলেও নামের আগে লেফটেন্যান্ট কর্নেল উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।